দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্ব অর্থনীতির টানাপোড়েনে আবারও আলোচনায় স্বর্ণের বাজার। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি আর ফেডারেল রিজার্ভের কঠোর অবস্থানে বিশ্ববাজারে কিছুটা বেড়েছে স্বর্ণের দাম। তবে সুদহার বৃদ্ধির শঙ্কায় এখনো কাটেনি দরপতনের আশঙ্কা। তবে মূল্যবান ধাতুটির দাম এখনো প্রতি আউন্স ৪ হাজার ডলারের কাছাকাছি রয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৩টা ১৬ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫১ ডলার ৩১ সেন্টে দাঁড়িয়েছে।
এর আগে মঙ্গলবার দাম সর্বোচ্চ ৩ শতাংশ কমে ৪ হাজার ১৩ ডলার ২৯ সেন্টে নেমে গিয়েছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসের সরবরাহ চুক্তিতে স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৯ ডলারে লেনদেন হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত তথ্য অনুযায়ী, গত অক্টোবরে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বেড়েছে ০ দশমিক ৪ শতাংশ। রয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা এ হার ০ দশমিক ৩ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিলেন। অর্থাৎ প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে মূল্যস্ফীতি।
এই তথ্য প্রকাশের পর আগামী ডিসেম্বরে ফেডের সুদহার বাড়ানোর সম্ভাবনা ৮৪ শতাংশ থেকে বেড়ে ১০০ শতাংশে পৌঁছেছে। সিএমই ফেডওয়াচের তথ্য অনুযায়ী, বিনিয়োগকারীরা এখন সুদহার বাড়ানোর বিষয়টি প্রায় নিশ্চিত ধরে নিচ্ছেন। এমনকি প্রচলিত ২৫ ভিত্তি পয়েন্টের পরিবর্তে ৫০ ভিত্তি পয়েন্ট সুদহার বাড়ানোর সম্ভাবনাও বেড়েছে।
অন্যদিকে, ফেডের তদারকি বিভাগের ভাইস চেয়ারম্যান মিশেল বোম্যান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের অগ্রাধিকারের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন।
এদিকে, অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও বুধবার ঊর্ধ্বগতি দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫২ ডলার ৮৭ সেন্টে পৌঁছেছে। একই সময়ে প্যালাডিয়ামের দাম বেড়েছে ৪ দশমিক ১ শতাংশ, প্রতি আউন্সের দর দাঁড়িয়েছে ১ হাজার ৬৬ ডলার ৬৬ সেন্টে। তথ্যসূত্র: রয়টার্স
এমজে